প্রধানমন্ত্রী আজ তুরস্ক যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আজ বুধবার দুপুরে তুরস্ক যাচ্ছেন। অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে কাল বৃহস্পতিবার দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের পর ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনু বিভাগের মহাপরিচালক নজরুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আগামীকাল তুরস্কের প্রধানমন্ত্রী রেসিপ তায়িপ এরদোগানের কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকের পর ছয়টি চুক্তি ও এমওইউ স্মারক সইয়ের কথা রয়েছে। চুক্তিগুলো হচ্ছে: দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্প্রসারণ ও সুরক্ষা, কর সহযোগিতা এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা রহিতকরণ। এমওইউগুলো হচ্ছে: কৃষি সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং তুরস্কের কোনিয়া ও বাংলাদেশের সিলেটের মধ্যে নাগরিক সহযোগিতা। তিনি জানান, এ ছাড়া তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় তুর্কি দূতাবাস নির্মাণের জমি হস্তান্তরের সম্মতিপত্র সই হবে।তিন দিনের তুরস্ক সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল, পার্লামেন্টের স্পিকার সেমিল সিসেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।