প্রধানমন্ত্রী আজ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে আজ দুপুরে ঢাকা ছাড়ছেন। ছয় দিনের রাষ্ট্রীয় সফরের শুরুতে তিনি থাইল্যান্ড হয়ে দক্ষিণ কোরিয়া এবং তারপর মালয়েশিয়া যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শেখ হাসিনা তিন দিনের সফরে কাল রোববার সকালে সিউল যাবেন। সোমবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৬৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন। ১৮ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুং বাকের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। এরপর তাঁর সম্মানে দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। আনুষ্ঠানিক বৈঠক শেষে জনশক্তি রপ্তানি, উন্নয়ন-সহায়তা, জ্বালানি ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে বেশ কয়েকটি চুক্তি সইয়ের কথা আছে।সিউল সফরের সময় দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভার দুই জ্যেষ্ঠ সদস্য পরিবেশমন্ত্রী মানি লি ও (নলেজ ইকোনমি) মন্ত্রী ছোই কিউং হুয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা ইউএন এসকাপের একটি সেমিনারেও বক্তৃতা করবেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার চেম্বার আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায়ও যোগ দেবেন।দক্ষিণ কোরিয়া সফর শেষে ১৮ থেকে ২১ মে তাঁর কুয়ালালামপুর সফরের কথা। তিনি ষষ্ঠ বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামের আলোচনায় অংশ নিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি সফর করবেন। ওই সফরের ফাঁকে তিনি মালয়েশিয়ার মোহাম্মদ নাজিব বিন তুন আবদুল রাজাকের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে কথা বলবেন। ওই আলোচনায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ অবারিত করার বিষয়টি প্রাধান্য পাবে।