প্রধানমন্ত্রী আজ নারায়ণগঞ্জ যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার আসছেন। এখানে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে হেলিকপ্টারযোগে আড়াইহাজারে আসবেন। পরে তিনি সেখান থেকে গাড়িযোগে আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে যাবেন। এখান থেকেই প্রধানমন্ত্রী বন্দর উপজেলার হরিপুরে ৪১২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক মিলনায়তন ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি আড়াইহাজার সার্কিট হাউস ও সোনারগাঁয়ের জ্যোতি বসু সঞ্চৃতি পাঠাগার ও সেমিনার হলের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট নারায়ণগঞ্জ, মুড়াপাড়া ফেরিঘাট রাস্তায় শীতলক্ষ্যা নদীর ওপর ৫৭৫ দশমিক ২১৪ মিটার দীর্ঘ সেতু, অ্যাগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট এবং সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মঞ্জুর স্টেডিয়ামে থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।