প্রধানমন্ত্রী আজ বহদ্দারহাট উড়ালসড়ক উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার এক দিনের সফরে চট্টগ্রামে আসছেন। তিনি আজ বহদ্দারহাট উড়ালসড়কসহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ১১টি প্রকল্পের উদ্বোধন এবং একটি সুধী সমাবেশে বক্তৃতা করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চট্টগ্রামে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ সকালে বহদ্দারহাট উড়ালসড়কের উদ্বোধন করবেন। এরপর চট্টগ্রাম প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের মুর্যালের উদ্বোধন করে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সিডিএর অন্যান্য প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেখানে তিনি সুধী সমাবেশে বক্তৃতা করে সামরিক বাহিনীর কর্মসূচিতে অংশ নেবেন।
সিডিএ সূত্র জানায়, সিডিএর বহদ্দারহাট জংশনের উড়ালসড়ক ছাড়াও দেওয়ানহাট মোড়ে নির্মাণাধীন উড়ালসড়ক ও কদমতলীতে একটি ওভারপাস, ছয়টি সড়ক সম্প্রসারণ, নারী শ্রমিকদের জন্য ডরমেটরি এবং দশতলা আবাসিক ভবনের উদ্বোধন করবেন। প্রকল্পগুলো বাস্তবায়নে সিডিএ প্রায় ৬০০ কোটি খরচ করছে। এ ছাড়া আজ নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ আরেকটি উড়ালসড়কের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে এই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন হয়েছে।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন উন্নয়ন ইতিপূর্বে চট্টগ্রামে আর কখনো হয়নি। বর্তমান সরকারপ্রধানের আন্তরিকতায় আমরা অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করেছি, যার মধ্যে প্রধানমন্ত্রী ১১টি প্রকল্পের উদ্বোধন করবেন। আরও একটি বড় প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।’