প্রধানমন্ত্রী আজ মিয়ানমার যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমসটেকের তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে মিয়ানমার যাচ্ছেন। বঙ্গোপসাগরীয় সাতটি দেশের জোটের তৃতীয় শীর্ষ সম্মেলন কাল মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দিনের মিয়ানমার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। গত ১২ জানুয়ারি ক্ষমতায় আসার পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।
ছয় বছর বিরতির পর বিমসটেকের (বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বঙ্গোপসাগরীয় উদ্যোগ) তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মিয়ানমার পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে তাঁর প্রাসাদে এবং পার্লামেন্টের স্পিকার শু মানের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করবেন।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
আগামীকাল নেপিডোতে মিয়ানমার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য দেবেন। এবারের শীর্ষ সম্মেলনে ঢাকায় বিমসটেকের সদর দপ্তর ও ভারতের বিমসটেক আবহাওয়া ও জলবায়ু কেন্দ্র চালুর জন্য সহযোগিতা স্মারক এবং ভুটানে সংস্কৃতি কমিশন ও সংস্কৃতিবিষয়ক মানমন্দির চালুর বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। এদিকে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ বেশ কয়েকটি সদস্যদেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।