জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্যবিষয়ক সংস্থার (আঙ্কটাড) ত্রয়োদশ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার রাতে কাতারে যাচ্ছেন। আগামীকাল শনিবার কাতারের রাজধানী দোহায় জাতীয় সম্মেলনকেন্দ্রে শুরু হচ্ছে আঙ্কটাডের ছয় দিনব্যাপী এ সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ দিনের কাতার সফরের সময় শেখ হাসিনা রোববার কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি শনিবার বিশ্ব বিনিয়োগ সম্মেলনে বক্তৃতা করবেন।অপুষ্টির বিরুদ্ধে পদক্ষেপে শেখ হাসিনাকে মনোনীত করেছে জাতিসংঘ: জাতিসংঘ সারা বিশ্বে শিশু ও মায়েদের পুষ্টিমান বাড়ানোর লক্ষ্যে ২৬ জন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোনীত করেছে। তিনি বৈশ্বিক স্কেলিং আপ নিউট্রিশন (সান) মুভমেন্ট কর্মসূচির জন্য কাজ করবেন, যা সারা বিশ্বে শিশু ও মায়েদের অপুষ্টির বিরুদ্ধে লড়াই করবে। গতকাল রাতে এক বার্তায় এ খবর জানা গেছে। এ দলে বিশ্বের অন্যতম বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদও রয়েছেন।