প্রধানমন্ত্রী আজ সৌদি আরবে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেট পেশের উদ্দেশ্যে গতকাল জাতীয় সংসদের অধিবেশনকক্ষে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ছবি: বাসস
বাজেট পেশের উদ্দেশ্যে গতকাল জাতীয় সংসদের অধিবেশনকক্ষে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিকেল চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। রাত আটটায় (সৌদির সময়) জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বিমানটির।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ এবং সৌদি একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সৌদি সফরকালীন জেদ্দা রয়্যাল কনফারেন্স প্যালেসে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
রাতে পবিত্র মক্কা নগরীর হারাম আল-শরিফে পবিত্র ওমরাহ পালন করবেন ও শনিবার ফজরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। কাল বিকেলে জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে রিয়াদে বাংলাদেশের চ্যান্সেরি কমপ্লেক্স ও বাংলাদেশ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রোববার জেদ্দার আল আন্দালুসে সৌদি বাদশাহর আল সালাম প্রাসাদে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ: বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী ১৬টি গ্রুপ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তবে এদের শিকড় একই জায়গায়। আর সেটা হচ্ছে জামায়াত। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের জানান।