প্রধানমন্ত্রী আবুধাবি পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে আজ শনিবার সকালে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছেছেন। এ সময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট ইউএইর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ইউএইর সমাজকল্যাণমন্ত্রী ম্যারি মোহাম্মাদ খালফান আল রুমি ও ইউএইতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরান এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহ সেন্ট রেজিস হোটেল যান। সফরকালে তিনি এ হোটেলেই থাকবেন।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়েন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল সাড়ে আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তিন বাহিনীর প্রধান এবং উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তিন দিনের এ দ্বিপক্ষীয় সফরকালে প্রধানমন্ত্রী ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, জাতির মাতা, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। শেখ হাসিনা আবুধাবিতে বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে বৈঠক করতে আগামী সোমবার দুবাই যাবেন। প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সোমবার রাতে দেশে ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে বাংলাদেশ ও ইউএইর মধ্যে বাণিজ্য, জনশক্তি ও বিনিয়োগসংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বাসস