প্রধানমন্ত্রী আশুলিয়ায় যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ঢাকার আশুলিয়ায় আসছেন। বিকেলে হেলিকপ্টারযোগে আশুলিয়ার আনোয়ার জং কলেজে নামবেন প্রধানমন্ত্রী। পরে আশুলিয়ার চারাবাগ এলাকায় নারী পোশাকশ্রমিকদের জন্য ১২ তলা হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর আশুলিয়া স্কুল ও কলেজ মাঠে আয়োজিত সুধী ও নারী সমাবেশে বক্তব্য দেবেন।
তবে এসব অনুষ্ঠানে থাকছেন না সাভার-আশুলিয়ার (ঢাকা-১৯) সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ। এ নিয়ে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা গুঞ্জন চলছে।
সাংসদের অনুপস্থিতি নিয়ে গুঞ্জন: সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের বাড়ি আশুলিয়ার টঙ্গাবাড়ি গ্রামে। সেখান থেকে আশুলিয়া স্কুল ও কলেজের দূরত্ব মাত্র ১০০ গজ। প্রধানমন্ত্রী এই মাঠেই সমাবেশে আজ বক্তব্য দেবেন। অথচ সমাবেশে থাকছেন না তালুকদার তৌহিদ জং মুরাদ।
পারিবারিক সূত্র জানায়, সাংসদ মুরাদ ঈদুল ফিতরের দিন অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। চিকিৎসা শেষ না হওয়ায় তিনি দেশে ফিরতে পারছেন না। এ কারণে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তাঁর থাকা সম্ভব হচ্ছে না।
তবে স্থানীয় লোকজন বলছেন, সাংসদ মুরাদের নানা কর্মকাণ্ডে ক্ষমতাসীন দলের উচ্চপর্যায়ের নেতারা ক্ষুব্ধ। এ কারণে আগামী নির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়া হবে কি না, তা নিয়ে তাঁরা সন্দিহান। সম্ভবত, এ কারণেই সাংসদ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকছেন না।
কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান বলেন, ‘সাংসদ তৌহিদ জং মুরাদের স্ত্রী সুস্থ কি অসুস্থ, তা আমাদের জানা নেই। তবে দলের ভেতরে তাঁর অবস্থা যে নড়বড়ে হয়ে পড়েছে, তা সবার কাছে স্পষ্ট।’ তিনি বলেন, ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার সঙ্গে সখ্য নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় প্রধানমন্ত্রী তৌহিদ জং মুরাদের ওপর নাখোশ হন। এ কারণে ভবনধসের পর প্রধানমন্ত্রী সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শনের সময়ও সাংসদ মুরাদকে তাঁর সঙ্গে দেখা যায়নি।
ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী এলাকায় আসবেন আর স্থানীয় সাংসদ থাকবেন না—এটা ভাবা যায় না। এই অনুপস্থিতি দলের ভেতরে তাঁর দুর্বল অবস্থানের সাক্ষ্য বহন করে।
তবে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, অন্য কোনো কারণে নয়, স্ত্রীর অসুস্থতার কারণেই সাংসদ মুরাদ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকতে পারছেন না।