প্রধানমন্ত্রী আসবেন বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী আসবেন বেলা ১১টায়। সকাল ১০টার আগেই সড়কের দুই পাশে কয়েক হাজার খুদে শিক্ষার্থীর উপস্থিতি। তারা চৈত্রের রোদে ঠায় দাঁড়িয়ে। কেউ নড়াচড়া করলেই বেত উঁচিয়ে শিক্ষকের শাসন—‘হেই লড়িও না...’।গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট আসার সময় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন অংশে এভাবেই সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা ঠায় দাঁড়িয়ে ছিল। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এমন আয়োজনে ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার সড়কের পাশের বিদ্যালয়গুলোতে ছিল অঘোষিত ছুটির আমেজ। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান দেখাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোও যাবে না। জানা গেছে, স্থানীয় সাংসদের নির্দেশে সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা পর্ষদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গতকাল সড়কের পাশে দাঁড়িয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কেটেছে শিক্ষার্থীদের।স্থানীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমাদের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা ছিল না। কেউ যদি স্ব-উদ্যোগে, স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে থাকে, তাতে তো বাধা দেওয়া যায় না।’সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার প্রায় ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী সড়কের দুই পাশে দাঁড়িয়ে রয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাদের হাতে জাতীয় পতাকা, প্লাকার্ড ও ব্যানার। আবার কোথাও বাদ্যযন্ত্র বাজিয়ে শিক্ষার্থীদের অভিনন্দন। অনেক শিক্ষার্থীর হাতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীর পোস্টার।সড়কের হাজীগঞ্জ বাজারে দেখা গেল, প্রায় ৫০ জন ছাত্রীকে একই সারিতে দাঁড় করাতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন এক শিক্ষক। বেত উঁচিয়ে মাঝেমধ্যে তাঁর হুঁশিয়ারি—‘লড়িও না...’। সেখানে দাঁড়ানো শিক্ষার্থীরা জানায়, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সেখানে আনা হয়। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ফেঞ্চুগঞ্জ পৌঁছান বেলা পৌনে ১১টায়। সেখান থেকে দুপুর সোয়া ১২টায় সড়কপথে সিলেট ফেরেন। জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় আওয়ামী লীগের নেতাদের অতি উৎসাহে এমন অভ্যর্থনার আয়োজন করা হয়। এ ব্যাপারে স্থানীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীর নির্দেশনার সত্যতা নিশ্চিত করেন ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক। তবে ফেঞ্চুগঞ্জের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা বর্ধন বলেন, ‘ওরা নিজেরাই উৎসাহ নিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তায় দাঁড়িয়েছে।’ক্লাস বন্ধ করে এমন অভ্যর্থনায় পাঠদানের ক্ষতি হয়েছে কি না জানতে চাইলে ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান বলেন, ‘এটা তো কিছু সময়ের বিষয় ছিল। এতে তো তেমন ক্ষতি হওয়ার কথা নয়।’