প্রধানমন্ত্রী ইন্ডিয়ান রেলওয়ের ট্রেনে চলছেন: রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের কোনো ট্রেনে চড়তে পারেননি। ইন্ডিয়ান রেলওয়ের ট্রেনে তিনি চলছেন। সেই ট্রেনের গার্ড, টিটি ও স্পিকার সবাই ইন্ডিয়ান। ভাড়া করা ইন্ডিয়ান ট্রেনে জাতীয়তাবাদী শক্তি উঠতে পারে না। আন্দোলনের মাধ্যমে ভাড়া করা ট্রেন বিতাড়িত করা হবে। প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
গত শনিবার বিকেলে রাজশাহীর চারঘাটে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে তিনি এখন উপজেলা নির্বাচনের ট্রেনে চড়ে বসেছেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থীদের এবং স্থানীয় নেতাদের পুলিশ নানাভাবে হয়রানি করছে। বিভিন্ন স্থানে ক্রসফায়ারের নামে হত্যা করা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে। প্রার্থীদের বিরুদ্ধে দুরভিসন্ধিমূলক অভিযান চালানো হচ্ছে অভিযোগ করে তিনি এর নিন্দা জানান। তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে সরকারের যেকোনো চক্রান্ত স্থানীয়ভাবে প্রতিহত করা হবে। সব শেষে বিএনপির এই নেতা বলেন, শিগগিরই নাগরিক অভ্যুত্থানের জন্য, সরকারকে প্রতিরোধের জন্য বাড়িতে বাড়িতে মানুষ প্রস্তুত হচ্ছে।