প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গতকাল শনিবার স্থানীয় সময় বিকেলে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। ৯ মে ইস্তাম্বুলে এ সম্মেলন শুরু হবে। ৪৮টি উন্নয়নশীল দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন।এর আগে প্রধানমন্ত্রী গতকাল সকাল ১০টা ৩৫ মিনিটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। খবর বাসস ও ইউএনবির।ইস্তাম্বুলে আতাতুর্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইস্তাম্বুলের মেয়র আহমেদ আয়েদিন এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জুলফিকার রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। তুরস্কে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।ইস্তাম্বুলে অবস্থানকালে প্রধানমন্ত্রী আজ রোববার ‘লুৎফি কিরদার কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে’ এলডিসি গ্রুপের সম্মেলনে ভাষণ দেবেন। কাল সোমবার একই সেন্টারে তিনি এলডিসি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। একই দিন ইস্তাম্বুলের চিরাগান প্যালেসে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।প্রধানমন্ত্রী ১০ মে মঙ্গলবার স্বল্পোন্নত দেশগুলোর চতুর্থ জাতিসংঘ সম্মেলনের সকালের অধিবেশনে একটি বিবৃতি দেবেন। তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (টিবিবিসি) গঠনে এফবিসিসিআই ও টিওবিবির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।