মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২৮ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন।
উদ্বোধন অনুষ্ঠানটি বাস্তবায়নের লক্ষ্যে গত বুধবার জশলদিয়ায় প্রকল্পটির সভাকক্ষে প্রস্তুতি সভা হয়েছে। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় হোটেল সোনারগাঁও থেকে প্রকল্পস্থলে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। লৌহজং উপজেলার জশলদিয়ায় ৯২ একর জায়গায় এই পানি শোধনাগার নির্মাণ করা হবে। ৩ হাজার ৫০৯ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। প্রকল্পটি বাস্তবায়ন করা হলে পদ্মা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করার পর পাইপের মাধ্যমে প্রতিদিন ৪৫ কোটি লিটার বিশুদ্ধ খাবার পানি ঢাকার ৩৫ লাখ মানুষের মধ্যে সরবরাহ করা সম্ভব হবে।