
চট্টগ্রামের বহদ্দারহাট এম এ মান্নান উড়ালসড়ক ১২ অক্টোবর যান চলাচলের জন্য খুলে দেওয়া হলেও এর কাজ পুরোপুরি শেষ হয়নি। ফলে এই উড়ালসড়কে এখন শুধু ছোট ও হালকা যানবাহন চলাচল করছে।
এম এ মান্নান উড়ালসড়ক ছাড়াও ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ১১টি প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ছয়টি প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি। চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরা বিষয়টি স্বীকার করেন।
আবদুচ ছালাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই এসব প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ছিল। তবে টানা বৃষ্টির কারণে সম্ভব হয়নি। নভেম্বরের মাঝামাঝি উন্নয়নকাজ শেষ হবে।
কাজ পুরোপুরি শেষ না হওয়া ছয়টি প্রকল্প হচ্ছে: এম এ মান্নান উড়ালসড়ক, দেওয়ানহাট ওভারপাস নির্মাণ, মুরাদপুর-অক্সিজেন সড়ক, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক, বায়তুশ্শরফ-অলংকার পর্যন্ত ঢাকা ট্রাংক (ডিটি) রোড ও কলেজ রোডে (গণি বেকারি-চকবাজার) কার্পেটিংয়ের কাজ। প্রকল্প পরিচালকেরা বলছেন, ডিসেম্বরের আগে এসব প্রকল্পের কাজ শেষ হবে না।
স্থপতি সুভাষ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী প্রকল্পগুলো উদ্বোধন করেছেন। এখানে আমাদের বলার কিছু নেই।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই হয়তো প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। তবে চউকের পরিকল্পনা না থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি বলে মনে হচ্ছে।’
গতকাল সকালে সরেজমিন দেখা গেছে, বহদ্দারহাট উড়ালসড়কের দুই প্রান্তে লোহার দণ্ড দিয়ে প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে। বড় যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। তবে ছোট যান চলাচল করছে।
চউক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের শুলকবহর থেকে ১ দশমিক ৩৯ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়কের নির্মাণে ব্যয় হচ্ছে ১৪৫ কোটি টাকা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্প কর্মকর্তা মেজর হাসানুজ্জামান প্রথম আলোকে জানান, এক্সপানশন জয়েন্টের কাজ শেষ না হওয়ায় বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। অক্টোবরের শেষ দিকে কাজ শেষ হবে। তখন উড়ালসড়ক পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে।
ট্রাকচালক রবি ধর বলেন, ‘উদ্বোধন করে লাভ কী হলো? উড়ালসড়ক তো ব্যবহার করতে পারছি না।’
মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত সড়কের বিবিরহাট, হামজারবাগ ও আমিন জুট মিলসের সামনের সড়কে তিন কিলোমিটার এলাকায় এখনো কার্পেটিং বাকি আছে। কার্পেটিং করা অংশেও ছোট-বড় গর্ত রয়েছে। গাড়িচালকেরা সড়কের এক পাশ ব্যবহার করছেন।
২০১২ সালের জানুয়ারিতে সড়কটির সম্প্রসারণ ও উন্নয়নকাজ শুরু হয়। আর ২০১৩ সালের জুনে শেষ করার নির্ধারিত সময় থাকলেও পরে মেয়াদ বাড়িয়ে ২০১৪-এর জুন করা হয়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি টাকা।
অক্সিজেন ও কুয়াইশ সংযোগ সড়কের সাড়ে পাঁচ কিলোমিটার এলাকায় এক পাশে কার্পেটিং করা হলেও অন্য পাশে করা হয়নি। ফলে এক পাশে যান চলাচল বন্ধ। এ সুযোগে সেখানে গড়ে উঠেছে কাঁচাবাজার। আবার সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণের কাজ শুরুই হয়নি। ৪৫ কোটি টাকা ব্যয়ে ২০১২ সালের জুনে শুরু হওয়া প্রকল্পের কাজ ২০১৪ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল।
মুরাদপুর-অক্সিজেন ও অক্সিজেন-কুয়াইশ সড়কের প্রকল্প পরিচালক মুহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ‘বৃষ্টি ও ঈদের ছুটির কারণে অক্সিজেন সড়কের এবং ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কারণে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের এক পাশের কাজ শুরু করা যায়নি। আশা করছি, ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে।’
বায়তুশ্শরফ থেকে অলংকার মোড় পর্যন্ত সম্প্রসারিত ডিটি সড়কের পাসপোর্ট কার্যালয় ও সিডিএ মার্কেটের সামনে কার্পেটিংয়ের কাজ এখনো বাকি। ২০১২ সালের প্রথম দিকে এই প্রকল্পের কাজ শুরু হয়। দেওয়ানহাট ওভারপাসের কার্পেটিং করা হয়নি। নিচের সড়কের অবস্থাও একই। ওভারপাসের দুটি র্যাম এখনো নির্মাণ করা হয়নি। ২০১২ সালের আগস্টে প্রকল্পটির কাজ শুরু হয়। ২০১৪ সালের জুনে এই দুই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
ডিটি সড়ক ও দেওয়ানহাট ওভারপাসের প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘প্রকল্প দুটির ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি টাকা। ওভারপাসের দুই পাশে র্যাম ও কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসায় ওই সময় প্রকল্প দুটি উদ্বোধন করা হয়।’
গণি বেকারি-চকবাজার সড়কে কার্পেটিংয়ের কাজ ২০০৯-১০ অর্থবছরে শুরু হয়। এই সড়কে এখনো এক পাশ কার্পেটিং করা হয়নি। প্রকল্পের পরিচালক আ হ ম মিছবাহউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।