প্রধানমন্ত্রী একা হয়ে পড়েছেন: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা হয়ে পড়েছেন। এখন তাঁর পাশে কেউ নেই। তিনি বলেন, কোরআন ও ইসলামের অবমাননা করলে কী হয়, কয়েকটি সিটি করপোরেশন নির্বাচনে তা জাতি ভালোভাবে দেখেছে। এর থেকে আওয়ামী লীগকে শিক্ষা নিতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর একটি হোটেলে নুরুল কোরআন বালিকা মাদ্রাসার হিফজুল কোরআন শাখার শিক্ষার্থীদের সনদ বিতরণ ও এতিমদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক এরশাদ বলেন, প্রধানমন্ত্রীকে এক শিক্ষক ফেসবুকে হত্যার হুমকি দিলে তাঁর শাস্তি হয়। আর আল্লাহ ও তাঁর রাসুলকে অবমাননাকারী ব্লগারদের কোনো কারণে গ্রেপ্তার করলে তাদের শাস্তি তো দূরের কথা, বরং দ্রুত জামিন হয়। তিনি প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রাখেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) কি আল্লাহর রাসুল (সা.)-এর চেয়ে বড়?’প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘সংবিধান থেকে আল্লাহর ওপর অবিচল আস্থা বাদ দিলেন কেন? আমি প্রশ্ন করেছিলাম, আমাকে বলা হয়েছে ইসলাম রক্ষার জন্য নাকি যুদ্ধ করতে হয়েছে। কাদের সঙ্গে যুদ্ধ করেছেন? তারা আজ কোথায়? কেউ নেই আপনার পাশে। আপনি আজ একা।’এ অনুষ্ঠানে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।খালেদাকে ইফতারের দাওয়াত: বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিয়েছেন এইচ এম এরশাদ। আজ শুক্রবার গুলশানে ওয়েস্টিন হোটেলে রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সৌজন্যে জাতীয় পার্টি এ ইফতারের আয়োজন করেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।