প্রধানমন্ত্রী একুশে পদক দেবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এবারের একুশে পদক বিজয়ীদের মাঝে পদক বিতরণ করবেন। খবর বাসসের।
সংস্কৃতি মন্ত্রণালয় নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১৬ জনের নাম ঘোষণা করেছে।
ভাষা আন্দোলনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিচারপতি কাজী এবাদুল হক, সাঈদ হায়দার, সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর) ও জসিম উদ্দিনকে একুশে পদকে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পকলায় অভিনেত্রী বেগম জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সংগীতে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সংগীতে শিল্পী শাহীন সামাদ, নৃত্যে আমানুল হক এবং চিত্রকলায় কাজী আনোয়ার হোসেনকে (মরণোত্তর) বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকে সম্মানিত করা হবে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মফিদুল হক। আর সাংবাদিকতায় দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে একুশে পদক দেওয়া হবে।
গবেষণায় অধ্যাপক এবিএম আব্দুল্লাহ এবং মংছেন চীং মংছিনকে একুশে পদকে ভূষিত করা হবে। এ ছাড়া ভাষা এবং সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জ্যোতি প্রকাশ দত্ত, অধ্যাপক হায়াৎ মামুদ এবং হাবিবুল্লাহ সিরাজীকে একুশে পদক দেওয়া হবে।
পদকপ্রাপ্তরা পাবেন স্বর্ণের তৈরি ৩৫ গ্রাম ওজনের পদক, দুই লাখ টাকা, সম্মাননাপত্র এবং একটি রেপ্লিকা।