প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।জাতীয় সংসদ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকালে বিরোধীদলীয় সাংসদদের মানববন্ধন কর্মসূচিতে সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এ দাবি জানান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।এম কে আনোয়ার বলেন, ‘আপনার (প্রধানমন্ত্রী) ও আপনার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করুন। নইলে মানুষ ভাবছে এই সম্পদ দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন। এটা আপনাদেরই নির্বাচনী অঙ্গীকার ছিল। যদি প্রকাশ না করেন তবে ভাবব, আপনার সাহস নেই।’ তিনি সরকারদলীয়দের সম্পদের হিসাব দেওয়ারও দাবি জানান। তিনি বলেন, ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বলেছিল, সবার সম্পদের হিসাব দেওয়া হবে। কিন্তু তারা সেটা করেনি। যাঁরা নতুন ব্যাংকের অনুমোদন পেয়েছেন, তাঁদের সম্পদের হিসাবও জনগণ জানতে চায়।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, গত তিন বছরে ক্ষমতাসীনেরা দেশে লুটপাট ও অরাজকতার রাজত্ব কায়েম করেছে। দেশের অর্থনীতির ভিত ভেঙে দিয়েছে। তিনি বলেন, তারেক রহমানসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলাগুলো মিথ্যা। তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরাতে এ ধরনের মামলা করা হচ্ছে। তিনি এসব মামলা প্রত্যাহারের দাবি জানান।এম কে আনোয়ার বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় তাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া সাত হাজারের বেশি মামলা প্রত্যাহার করেছে। অথচ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা কোনো মামলাই প্রত্যাহার করেনি। এই সরকারের আমলে প্রত্যাহার করা মামলাগুলো বিএনপি ক্ষমতায় গেলে পরীক্ষা করে পুনরুজ্জীবিত করবে।জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এলডিপির সাংসদ অলি আহমদ, বিএনপির মাহবুব উদ্দিন, শহীদ উদ্দিন চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, শাম্মী আক্তার প্রমুখ।