প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সই জাল করা প্রতারকদের চাঞ্চল্যকর তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এক সাংসদের সই জালকারী রাজশাহীর বাগমারার তিন প্রতারকের তিন দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ড শেষে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা নিজেরা এর সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও মূল হোতাদের নাম বলেছেন। জরুরি ভিত্তিতে বিদ্যুত্ পেতে তাঁরা এ কাজ করেছেন। সই জালকারী তিন প্রতারক আবদুল হান্নান, সাহার আলী ও শরিফুলকে পুলিশ ২৬ জানুয়ারি রাতে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে এ ঘটনায় এজাহারভুক্ত আসামি ইয়াকুব আলীকে রিমান্ডে আনেনি পুলিশ। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আসামিরা জরুরি ভিত্তিতে বিদ্যুত্ পেতে টাকা দিয়ে জাল সই, সিল ও ডিও সংগ্রহ করেছেন। তাঁরা বিদ্যুতের জন্য ব্যাপক হয়রানি হয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন। পরে সাকোয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঙ্গে পরিচয় হওয়ার পর তাঁকে টাকা দিয়ে এ কাজ করেছেন। জাহাঙ্গীর এর আগে তাঁর গভীর নলকূপে দ্রুত সংযোগ পেতে তাঁরা তাঁর শরণাপন্ন হন। এ ঘটনার পর থেকে তিনি পলাতক। আরও দুজনের নাম এসেছে। পুলিশ এ ব্যাপারে খতিয়ে দেখছে। পুলিশ জাহাঙ্গীরকে ধরার জন্য বিভিন্ন স্থানে হানা দিয়েও তাঁকে পায়নি। ওই স্কুলের প্রধান শিক্ষক মুনসুর রহমান জাহাঙ্গীরের আত্মগোপনের বিষয় নিশ্চিত করেছেন। ওসি জানান, তাঁরা মামলাটি স্পর্শকাতর হিসেবে নিয়ে তদন্ত করছেন। সংসদে এ ব্যাপারে আলোচনা হওয়ায় তাঁরা বেশি প্রাধান্য দিচ্ছেন ঘটনাটিকে। জাহাঙ্গীরের মুঠোফোনে গতকাল শুক্রবার দুপুরে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং স্থানীয় সাংসদের স্বাক্ষর জাল করে বিদ্যুত্ সংযোগ নেওয়ার অভিযোগে বাগমারা থানার পুলিশ ২৪ জানুয়ারি রাতে চারজনকে গ্রেপ্তার করে।