প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে কটূক্তির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের আইন বিভাগের শিক্ষক রাজীব হাসানাত শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সকালে নগরের সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আহম্মেদ আনোয়ার বাদী হয়ে শিক্ষক রাজীব হাসানাতকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে প্রধানমন্ত্রীকে ‘নাস্তিক’ ও রাষ্ট্রপতিকে ‘বটতলার উকিল’ ও বঙ্গবন্ধুকে ‘ফেরাউনের’ সঙ্গে তুলনা করে কটূক্তির অভিযোগ আনা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ আহম্মদ প্রথম আলোকে জানান, গত ২৬ জানুয়ারি নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসে পাঠদানের সময় শিক্ষক রাজীব হাসানাত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করেন। এ ঘটনায় গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক একটি মামলা করেন। এতে রাজীব হাসানাত ও ক্যাম্পাস ইনচার্জ আনোয়ারুল করীমকে বিবাদী করা হয়।
ওসি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজীব হাসানাতকে নর্দার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, নর্দার্ন ইউনিভার্সিটির আইনের ছাত্র মো. নাঈম গত ২৯ জুন খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ২৬ জানুয়ারি দেওয়ানি কার্যবিধির ১০ ধারা পড়াতে গিয়ে শিক্ষক রাজীব হাসানাত জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসির ঘটনাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নাস্তিক’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ফেরাউনের’ সঙ্গে তুলনা করে ১৫ আগস্টের ঘটনাকে ‘স্বদেশপ্রেমের প্রতিচ্ছবি’ হিসেবে মন্তব্য করেন। এ ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদকে ‘বটতলার উকিল’ বলেও কটূক্তি করেন তিনি।
নাঈমের দাবি, শিক্ষক রাজীব হাসানাতের বক্তব্যের প্রতিবাদ করায় তাঁর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। বিভিন্ন সময়ে তাঁকে জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে।
এ সব অভিযোগের ব্যাপারে জানতে নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের পরিচালক আনোয়ারুল করীমের সঙ্গে সন্ধ্যায় যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, শিক্ষক রাজীব হাসানাতের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই ক্লাসে আরও ১৪ জন শিক্ষার্থী ছিলেন। তাঁরা সবাই জানিয়েছেন, রাজীব হাসানাত ক্লাসে এ ধরনের কথা বলেননি। তার পরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই গ্রেপ্তারের ঘটনা দুঃখজনক। অভিযোগকারী ছাত্রের ছাত্রত্ব বাতিল করা হয়নি বলেও তিনি দাবি করেন।