প্রধানমন্ত্রী ও সাংসদ তাপসকে হুমকি, তিন যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ফুফাতো ভাইয়ের ছেলে সাংসদ ফজলে নূর তাপসের মোবাইল ফোন নম্বরে হুমকি দেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে র্যাব, গোয়েন্দা ও বিটিআরসি যৌথভাবে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা এলাকা থেকে এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা তিনজনই সিটিসেলের পরিবেশক বলে জানা গেছে।তিন যুবক হলেন রফিকুল ইসলাম ওরফে মিরাজ (২৫), মো. লোকমান হোসেন ও শফিকুল ইসলাম ওরফে রঞ্জু (২৮)। তবে যে ফোন থেকে হুমকি দেওয়া হয়েছে, সেই ফোনটি র্যাব এখনো উদ্ধার করতে পারেনি। র্যাবের দায়িত্বশীল সূত্র হুমকির সত্যতা স্বীকার করেছে।র্যাব সূত্র জানায়, গতকাল রাতে সিটিসেলের একটি নম্বর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে ব্যবহার করা নম্বরে হুমকি দেওয়া হয়। এরপর সাংসদ ফজলে নূরের ফোনেও হুমকি দেওয়া হয়। দুটি হুমকির ঘটনায় গতকাল সকালে জানানোর পর র্যাব ও বিটিআরসির কর্মকর্তারা খোঁজখবর শুরু করেন। তাঁরা গতকাল দুপুরেই উত্তরা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেন। তবে গ্রেপ্তার করা তিনজন এখনো হুমকি কথা স্বীকার করেননি। তাঁরা র্যাবকে বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর বা সাংসদ ফজলে নূরের নম্বর তাঁরা জানেন না। র্যাব কর্মকর্তারা এঁদের কাগজপত্র পরীক্ষার পর জানতে পারেন, তাঁরা কোম্পানি থেকে পাওয়া ফোন-সংক্রান্ত নিয়ম মেনে বিক্রি করলেও কেবল একটি নম্বর কোনো রকম কাগজপত্র ছাড়া বিক্রি করেছেন। ওই ফোনটি গত বুধবার রাত আটটা ৫৭ মিনিটে প্রথম চালু করার পরপরই হুমকি দেওয়া হয়। এরপর আর নম্বরটি আগে-পরে ব্যবহার করা হয়নি। র্যাব সন্দেহ করছে, যে ব্যক্তি ফোনে হুমকি দিয়েছে, তাকে পরিবেশকেরা চিনতে পারেন। এ কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তিনজনের মধ্যে একজনের বাসা মিরপুর এলাকায়। আবার হুমকি দেওয়ার সময় ফোনটি মিরপুরেই ছিল।গ্রেপ্তার করা তিনজনের ব্যাপারে গতকাল র্যাবের পক্ষ থেকে উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।এদিকে গতকাল র্যাব-১-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুর ১২টার দিকে র্যাব, গোয়েন্দা ও বিটিআরসি যৌথভাবে উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ‘বাতায়ন সেন্টার’ নামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তিনজনই বাতায়ন সেন্টারে সিটিসেলের ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন।র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রচলিত নিয়মনীতি না মেনে কতিপয় অসাধু ডিলার ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে অথবা নামবিহীন অবস্থায় সিম বিক্রি করে আসছে। এসব ভুয়া নামে কেনা সিম থেকে প্রশাসনের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধির কাছে অশ্লীল ও অশোভন বার্তা পাঠানো হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, নিবন্ধন-নীতির দুর্বলতার কারণেই ভুয়া সিম বিক্রি হচ্ছে। এসব সিম থেকে হুমকিও দেওয়া হচ্ছে। নিবন্ধন আইন আধুনিকায়ন জরুরি বলে তিনি অভিমত দেন।