প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করা হবে বলে শিবির নেতার হুমকি
ক্ষমতা ছাড়লে বিশেষ ট্রাইব্যুনাল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিলেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম। জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠনের এ নেতা আরও বলেন, প্রধানমন্ত্রীর জন্য পিলখানা হত্যাকাণ্ড ও পল্টন হত্যাকাণ্ডও অপেক্ষা করে আছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় শিবিরের সভাপতি এ হুমকি দেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে ১৪ দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকদের স্মরণে এ সভার আয়োজন করা হয়।রেজাউল করিম প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ক্ষমতা ছাড়ুন। আপনার জন্য পিলখানা হত্যাকাণ্ড, পল্টন হত্যাকাণ্ড অপেক্ষা করে আছে। আপনি সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ করেছেন। কত ধানে কত চাল আপনি বুঝবেন। এক মাঘে শীত যায় না। বর্তমান প্রধানমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, আপনাদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হবে।’প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, ‘আওয়ামী লীগ কথা বলে সবচেয়ে ভালো, কিন্তু কাজ করে উল্টো। এ জন্যই তারা পল্টনের হত্যাকাণ্ডের বিচার করেনি। ...তাদের রাজনীতি সন্ত্রাসের, মানুষ হত্যার রাজনীতি। মানুষ হত্যা দিয়ে তাদের জন্ম।’দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘কেন আপনি লগি-বৈঠা নিয়ে আসার হুকুম দিয়েছিলেন? আপনার হুকুমটাই ছিল সন্ত্রাসী, খুনি হুকুম।’