প্রধানমন্ত্রী ওমরাহ পালন করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র নগরী মক্কায় পৌঁছেই গতকাল শুক্রবার রাতে পবিত্র ওমরাহ পালন করেছেন। তিনি দেশ, জনগণ ও সমগ্র মুসলিম জাহানের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
শেখ হাসিনা পবিত্র কাবা তাওয়াফ করেন এবং সাফা ও মারওয়া পাহাড় প্রদক্ষিণ করেন। পরে তিনি কাবা মসজিদে নামাজ আদায় করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর অন্য সফরসঙ্গীরাও এ সময় পবিত্র ওমরাহ পালন করেন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী বর্তমানে পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থান করছেন। জেদ্দা থেকে গতকাল মধ্যরাতে সড়কপথে প্রধানমন্ত্রী মক্কায় পৌঁছান।
প্রধানমন্ত্রী গতকাল রাতে ঢাকা থেকে বিমানের ভিভিআইপি ফ্লাইটে কিং আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণের পর কিং ফয়সাল প্যালেসে অনুষ্ঠিত এক ভোজসভায় যোগ দেন।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন।
শেখ রেহানা, সৌদি আরবের হজ এবং ওমরাহ–বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ সালেহ বিন তাহের বেনটেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মাদ আলী আল মাদানি, অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ইয়াদ বিন আমিন মাদানি অন্যান্যের মধ্যে ভোজসভায় অংশ নেন।