প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেননি বলে দাবি করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এক বিবৃতি দিয়ে এ দাবি করেন।বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শুধু বিএনপি-জামায়াত জোটের কৃতকর্মের কথা জাতির সামনে তুলে ধরছেন। কেননা, জনগণের অধিকার আছে রাজনীতিবিদদের কথা ও কাজের মূল্যায়ন করার। এর আগের দিন বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এক বিবৃতিতে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন। খালেদা জিয়া বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই স্বমূর্তিতে আবির্ভূত হয়ে আমাদের বিরুদ্ধে অশালীন, অরাজনৈতিক ও রুচিহীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা রটনায় নেমে পড়েছেন। অসত্য প্রচারণায় তিনি রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছেন এবং ব্যক্তিগত বিদ্বেষের পর্যায়ে নামিয়ে আনছেন।’বিরোধীদলীয় নেতার এই অভিযোগের জবাবে গতকাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিবৃতিতে পাল্টা অভিযোগ করেন, খালেদা জিয়া বাকচাতুর্যের আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন। তিনি প্রধানমন্ত্রীর ধর্মবিশ্বাস নিয়ে কটাক্ষ করেছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। নামাজ পড়া নিয়ে স্থূল রসিকতা করেছেন। হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রীর ধর্মসহিষ্ণুতার ঔদার্যকে পূজা হিসেবে বিকৃতভাবে উপস্থাপন করে খালেদা জিয়া একজন মুসলমানের ধর্মবোধ সম্পর্কে যে কুৎসিত ইঙ্গিত করেছেন, তা কেবল অপরাধই নয়; ইসলাম ধর্মকে অবমাননার শামিল। খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূতই নয়, ইসলাম ধর্মের চেতনা ও মূল্যবোধ পরিপন্থী।’