প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন
জাতিসংঘের ৭০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে এসে পৌঁছাবেন কাল ২৩ সেপ্টেম্বর। এবার সরকারিভাবে তাঁর দলে থাকছেন শতাধিক সদস্য। তাঁদের মধ্যে ছয়জন মন্ত্রী ও উপমন্ত্রী ছাড়াও থাকছেন তাঁর তিন উপদেষ্টা, ছয়জন সাংসদ ও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আরও অর্ধশতাধিক ব্যবসায়ী ব্যক্তিগত খরচে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আসছেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবদুল মোমেন। এর বাইরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি সাবের হোসেন চৌধুরীও এ সময় নিউইয়র্কে থাকবেন। তবে তাঁরা জাতিসংঘের আমন্ত্রণে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এত বড় প্রতিনিধিদলের কোনো যৌক্তিকতা আছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত মোমেন বলেন, ‘সামরিক শাসনামল থেকে এই নিয়ম চলে আসছে। এখন তা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে।’
প্রধানমন্ত্রী এবার তাঁর সফরকালে নিউইয়র্কের ব্যয়বহুল হোটেল ওয়ালডর্ফ এস্টোরিয়ায় থাকবেন। অন্যান্য বছর প্রেসিডেন্ট ওবামা এই হোটেলে এসে ওঠেন। কিন্তু হোটেলটি চীনা মালিকানাধীনে চলে যাওয়ায় তিনি এ বছর এখানে উঠছেন না।
জানা গেছে, ওবামার কথাবার্তায় আড়িপাতার আশঙ্কায় হোয়াইট হাউস থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আড়িপাতার ভয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে রয়েছে কি না, জানতে চাওয়া হলে ড. মোমেন সাংবাদিকদের এই বলে আশ্বস্ত করেন যে আরও ১৯ জন রাষ্ট্রপ্রধান এই হোটেলেই থাকবেন।
প্রতিবছর প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের প্রতি সদস্যের জন্য বিপুল অর্থ ব্যয়ে ভাড়া করা লিমোজিনের ব্যবস্থা করা হয়। আবদুল মোমেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এবার লিমোজিনের ব্যয় কমানোর ব্যবস্থা করা হয়েছে। ভাড়া গাড়ি থাকবে, তবে প্রতিটি গাড়ি একাধিক যাত্রীর জন্য বরাদ্দ করা হবে। তিনি স্বীকার করেন, জাতিসংঘের সদর দপ্তর ও প্রতিনিধিদলের জন্য নির্ধারিত হোটেল খুব কাছাকাছি, গাড়ির বদলে হেঁটে এলেই তাঁরা অধিক দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন।
আবদুল মোমেন জানান, প্রধানমন্ত্রী নিউইয়র্কে খুবই কর্মব্যস্ত সময় কাটাবেন। জাতিসংঘে বিভিন্ন সরকারি অনুষ্ঠান ছাড়াও তিনি একাধিক সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
প্রেসিডেন্ট ওবামার সঙ্গে এবার কোনো একান্ত বৈঠক হচ্ছে না। তবে বিভিন্ন অনুষ্ঠানে দুই নেতার মোট পাঁচবার দেখা হবে। রাষ্ট্রদূত মোমেন জানান, প্রেসিডেন্ট ওবামার ব্যক্তিগত অনুরোধে প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর আইসিস ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ শীর্ষক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে ভাষণ দেবেন।