প্রধানমন্ত্রী কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সফরে আগামীকাল মঙ্গলবার যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হচ্ছেন।এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে সকাল সোয়া নয়টায় প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টার যাত্রাবিরতি শেষে বুধবার ভোরে তাঁর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।যুক্তরাজ্যে অবস্থানকালে প্রধানমন্ত্রী লন্ডনের হিল্টন পার্ক লেন হোটেলে থাকবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিনে হাউস অব কমনসের কয়েকটি অনুষ্ঠানে শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে। পরদিন বৃহস্পতিবার অক্সফোর্ড ইউনিয়নে ‘বিশ্ব শান্তি’ বিষয়ে তিনি ভাষণ দেবেন। আগামী শুক্রবার প্রধানমন্ত্রী সংবাদমাধ্যম বিবিসি ও ডেইলি টেলিগ্রাফকে সাক্ষাৎকার দেবেন। এ ছাড়া ওই দিন তাঁর আন্তর্জাতিক জলসীমা সংগঠনের মহাসচিব এফথিমিয়স মিট্রোপোলোসের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। ২৯ জানুয়ারি শনিবার আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী যোগ দেবেন। ওই দিন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা তাঁকে সংবর্ধনা দেবেন। ৩০ জানুয়ারি রোববার প্রধানমন্ত্রীর লন্ডন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ইউএনবি।