প্রধানমন্ত্রী কাল শ্রীলঙ্কা যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীলঙ্কা যাচ্ছেন। শুক্রবার কলম্বোর নিলম পকুনা, মাহিন্দ্রা রাজপক্ষে থিয়েটার হলে কমনওয়েলথ শীর্ষ নেতাদের তিন দিনের বৈঠক শুরু হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, খসড়া সময়সূচি অনুযায়ী বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী কাল দুপুরে কলম্বো যাবেন। শুক্রবার মধ্যরাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
৫৩টি দেশের জোট কমনওয়েলথের সরকারপ্রধানদের এবারকার বৈঠকের প্রতিপাদ্য হচ্ছে ‘সমতার মাধ্যমে প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়ন’।
জানা গেছে, প্রথম দিনের কর্মসূচিতে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। বৈঠকের আনুষ্ঠানিক সূচি অনুযায়ী বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার ফাঁকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপক্ষে ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কূটনৈতিক সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে যোগ দিলেও যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার কলম্বো যাচ্ছেন না। অসুস্থতার জন্য কমনওয়েলথের বৈঠকে যোগ দেবেন না রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর পরিবর্তে যুক্তরাজ্যের যুবরাজ চার্লস দেশের প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় এনে শেষ মুহূর্তে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন মনমোহন সিং। শ্রীলঙ্কার তামিল বিদ্রোহীদের দমনে প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপক্ষের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাঁর পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ কমনওয়েলথের বৈঠকে ভারতের নেতৃত্ব দেবেন।
আর শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক বর্জন করছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার।