প্রধানমন্ত্রী কাল সাজেকে যাচ্ছেন
নতুন সাজে সেজেছে রুইলুইপাড়া। এক মাসের বেশি সময় ধরে সেনাবাহিনী ও স্থানীয় লোকজন সাজানোর কাজে ব্যস্ত ছিলেন। আগামীকাল শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের রুইলুইপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। তাঁর আগমন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। কংলাকপাড়ার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তনা পাংখোয়া বলেন, দীর্ঘ ৩৪ বছর পর এখানে রাষ্ট্রপ্রধান আসছেন। এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন। সে সময় সাজেকবাসীর দাবি অনুযায়ী একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি স্বাস্থ্যকেন্দ্র ও একটি জেনারেটর দিয়েছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পর সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। রুইলুইপাড়ার হেডম্যান লাল থাংয়া লুসাই প্রথম আলোকে বলেন, ‘আমাদের গ্রামটি সাজানো হয়েছে। আমি খুবই ভাগ্যবান, প্রধানমন্ত্রী আমার বাড়িতে উঠবেন। প্রধানমন্ত্রীর সাজেকে আগমন উপলক্ষে সাজেকবাসী পরিবর্তনের স্বপ্ন দেখছেন।’ বাঘাইহাট জোনের মেজর মো. মোছাদ্দেক রশিদ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজেক ভ্যালির রুইলুইপাড়াটি সাজানো হয়েছে।