প্রধানমন্ত্রী কাল সুইজারল্যান্ড যাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে আগামীকাল রোববার রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডাভোসে ১৭ থেকে ২০ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব’।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট রোববার রাত ৯টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি শামিম আহ্‌সান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে সিলভ্রেটা পার্কহোটেলে নিয়ে যাওয়া হবে। সুইজারল্যান্ড সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্‌সানুল করিম জানান, শেখ হাসিনা ১৭ জানুয়ারি ডাভোসের কংগ্রেস সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। এর আগে তিনি ডব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে সাক্ষাৎ করবেন।

একই দিন একই ভেন্যুতে অনুষ্ঠিত ‘শ্যাপিং এ নিউ ওয়াটার ইকোনমি’ শীর্ষক এক কর্মশালায়ও প্রধানমন্ত্রী যোগ দেবেন।

শেখ হাসিনা ১৮ জানুয়ারি ‘ওয়ার্ল্ডস আন্ডারওয়াটার’ এবং ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব’ শীর্ষক একটি অধিবেশনেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী ১৯ জানুয়ারি মাল্টিপোলার ওয়ার্ল্ডে ‘প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল’ নেতৃত্ব শীর্ষক ওয়ার্ল্ড ইকোনমিক লিডারসদের এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে অংশ নেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী একই দিন সন্ধ্যায় ‘উইমেন লিডার্স ডিনার: নিউ ফ্রন্টিয়ার অব লিডারশিপ’ শীর্ষক এক কর্মসূচিতে যোগ দেবেন।