প্রধানমন্ত্রী কুমিল্লায় যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার কুমিল্লা শহরে আসছেন। এখানে তিনি ২৪টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী কুমিল্লা টাউন হল মাঠ ও মুরাদনগরে দুটি জনসভায় বক্তব্য দেবেন।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লা শহরকে নানা সাজে সাজানো হয়েছে। তাঁর আগমন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা শহরে বেশ কয়েকবার আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান জানান, প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে আকাশপথে ঢাকা থেকে মুরাদনগরের মকলিসপুর এলাকায় যাবেন। সেখানে শ্রীকাইল গ্যাসক্ষেত্র ও গ্যাস সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করবেন। সকাল ১০টায় মকলিসপুরে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এরপর তিনি আকাশপথে কুমিল্লা শহরে আসবেন। এখানে তিনি কুমিল্লাবাসীর বহু প্রতীক্ষিত নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের উদ্বোধন করবেন। বেলা সোয়া ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন। বেলা আড়াইটায় টাউন হল মুক্তমঞ্চে তিনি বাকি ২২টি প্রকল্পের উদ্বোধন ও দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি সেখানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবারের মতো শেখ হাসিনা কুমিল্লা শহরে আসছেন। প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ২০০১ সালের ২৪ জানুয়ারি কুমিল্লা শহরে আসেন।