প্রধানমন্ত্রী গণতন্ত্রকে তৃণমূলে পৌঁছে দিয়েছেন: মোশাররফ
দলীয় পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল রাজধানীতে মিল্ক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘ইউনিয়দ পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রত্যেকটি জায়গায় দলীয় মার্কায় নির্বাচন হবে। তার মানে, যে ভোটে দাঁড়াবে তাঁর দলীয় পরিচয় জেনেই আমি আমার ভোটটা দিলাম। আসলে নিরপেক্ষ বলে কিছু নাই। নিরপেক্ষ থাকলে তো আমি কিছুই না।’
অনুষ্ঠানে দুধের উৎপাদন বাড়াতে সারা দেশে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড বা মিল্ক ভিটার কার্যক্রম বিস্তৃত করার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা দুধের উৎপাদন বাড়াতে গৃহীত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, যেসব জেলায় দুধের উৎপাদন বেশি সেখান থেকে বেশি পরিমাণ দুধ সংগ্রহ ও সংরক্ষণের জন্য আমরা আরও বেশি মেশিনারিজ আমদানি করছি।
মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক শেখ জহিরউদ্দীন বাবর।