প্রধানমন্ত্রী গালাগাল-ধমক দিয়ে কথা বলেন: বি. চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ধমক দিয়ে’ কথা বলতে বারণ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু গালিগালাজ করেন, ধমক দিয়ে কথা বলেন। কিন্তু তাঁর জানা উচিত, এ দেশের কেউ তাঁর প্রজা নয়।’
আজ শনিবার বিকেলে বিকল্পধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ‘মনে রাখবেন পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে আপনার অধীনে নির্বাচন করার স্বপ্ন পূরণ হবে না। সুতরাং অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করুন।’
বদরুদ্দোজা চৌধুরী বলেন, এই সরকার সন্ত্রাস ও দুর্নীতি দিয়ে দেশ ভরে ফেলেছে। খুন, গুম আর হত্যা ছাড়া এই সরকার দেশের মানুষকে আর কিছুই দিতে পারেনি। সরকারের ‘পায়ে ধরা’ পররাষ্ট্রনীতির কারণে ফেলানী হত্যার বিচার যেমন হয়নি, তেমনি তিস্তার পানি বণ্টন ও সীমান্ত চুক্তি পর্যন্ত করতে পারেনি এ সরকার।
বিকল্পধারা ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান, মাহফুজুর রহমান প্রমুখ।