প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গোপালগঞ্জ আসছেন। আওয়ামী লীগ সরকার গঠনের পর এই প্রথম তিনি তাঁর নিজ জেলা সদরে আসছেন। দীর্ঘদিন পর নেত্রী আসছেন, এই সংবাদে শহর ও শহরতলির সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তিনি সকাল ১০টায় হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন। প্রধানমন্ত্রী এরপর বেলা সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গবন্ধুর কবর প্রাঙ্গণে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতির উদ্যোগে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর ১২টায় টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারের পৌর মার্কেটে বেসিক ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার উদ্বোধন করবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা সরকারি হাইস্কুল প্রাঙ্গণে বিজিএমইএর দক্ষ মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমের আওতায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করবেন। বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে বঙ্গবন্ধু ভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। আড়াইটায় গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল স্টেডিয়ামে গোপালগঞ্জ জেলায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রমের উদ্বোধন ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন।