প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গোপালগঞ্জে আসছেন। সফরকালে তিনি গোপালগঞ্জে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়-সংবলিত বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তাঁর আগমন উপলক্ষে জেলা শহর ও টুঙ্গিপাড়াকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।প্রধানমন্ত্রী প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুেকন্দ্র উদ্বোধন, ১০০ কোটি টাকা ব্যয়ে শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও ৫০০ কোটি টাকা ব্যয়ে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, ২০ কোটি টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ও আট কোটি টাকা ব্যয়ে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া তিনি ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শহর সৌন্দর্যবর্ধন প্রকল্পের লেক পরিদর্শন করবেন। পাঁচ লাখ টাকার একটি চেক সাংবাদিক নির্মল সেনের হাতেও তুলে দেবেন তিনি।শেখ হাসিনা গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় মোট নয়টি কর্মসূচিতে অংশ নেবেন। বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। সাড়ে ১১টায় ঢাকার গোপালগঞ্জ সমিতির উদ্যোগে এ বছর এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান এবং সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের রজতজয়ন্তীর অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ কামাল স্টেডিয়ামে এক জনসভায় বক্তৃতা করবেন।