প্রধানমন্ত্রী ঘোষিত বেতন স্কেল দাবি প্রাথমিক শিক্ষকদের
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণ ও সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদোন্নতির দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে সমিতির কেন্দ্রীয় কমিটির এক সভা থেকে এ দাবি জানানো হয়।
সভায় নেতারা বলেন, ২০১৪ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের জন্য উন্নত বেতন স্কেল ও প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেলের দাবি পূরণে গড়িমসি করছে। এ জন্য দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
সভায় দাবি আদায়ে ২০ মে থেকে ২০ জুন পর্যন্ত আট বিভাগে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া সভায় আগামী ২৯ জুলাই সমিতির কেন্দ্রীয় সম্মেলন করার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।