চট্টগ্রাম নগরের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে কথা বলে এ দায়িত্ব নেওয়ার কথা জানান বলে জানা গেছে। ওবায়দুল কাদের আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে চট্টগ্রামে প্রচার চালাচ্ছেন।মহিউদ্দিনের নির্বাচনী ইশতেহারে নগরের যানজট ও জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন প্রতিশ্রুতির কথা উল্লেখ আছে। এসব সমস্যার সমাধান প্রধানমন্ত্রী নিজেই করবেন বলে নির্বাচনী প্রচারণায় বলেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘আজ (রোববার) প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আমার কথা হয়েছে। তিনি চট্টগ্রাম নগরের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। ইতিমধ্যে নগরের ব্যস্ততম সড়কে উড়ালসেতুর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কর্ণফুলীর তৃতীয় সেতু থেকে বহদ্দারহাট এবং অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হচ্ছে।’