প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার চট্টগ্রামে আসছেন। তিনি সকালে নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশের (আইইবি) এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন। দুপুরে প্রধানমন্ত্রী নগরের বহদ্দারহাট মোড়ে একই স্থানে পাঁচটি উড়াল সেতুর (ফ্লাইওভার) ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে বহদ্দারহাট মোড়ে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এসব উড়াল সেতু নির্মাণ করবে।জানা গেছে, নগরের বহদ্দারহাট জংশন, জিইসি মোড়, মুরাদপুর মোড়, ষোলশহর দুই নম্বর গেট মোড় ও কদমতলী জংশনে উড়াল সেতুগুলো তৈরি হবে। প্রতিটি উড়াল সেতুর দৈর্ঘ্য দেড় কিলোমিটার কিংবা এর চেয়ে কিছুটা কম হবে। তিন বছরের মধ্যে এসব সেতুর কাজ শেষ হওয়ার কথা।গতকাল শুক্রবার আইইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটির ৫১তম জাতীয় সম্মেলন উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘সাসটেইনেবল টেকনোলজি ফর ডিজিটাল বাংলাদেশ’ (ডিজিটাল বাংলাদেশের জন্য টেকসই প্রযুক্তি)। আলোচনা ও সেমিনারে স্থানীয় সাংসদ ও রাজনৈতিক নেতা ছাড়াও বিভিন্ন দেশের ৩০ জন প্রকৌশলী অংশ নেবেন।সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইইবির সাধারণ সম্পাদক মেসবাহুর রহমান। এদিকে, গত বৃহস্পতিবার দুপুরে সিডিএর চেয়ারম্যান মো. আবদুচ ছালাম সংবাদ সম্মেলনে জানান, এ পাঁচটি উড়াল সেতুর মধ্যে কেবল বহদ্দারহাট মোড়ের প্রস্তাবিত উড়াল সেতুর পরামর্শক নিয়োগের দরপত্র আহ্বান করা হয়েছে। দেড় কিলোমিটারের সামান্য বেশি দৈর্ঘ্যের এ প্রকল্পের জন্য ২৬০ কোটি টাকা ব্যয় হবে। অন্য চারটি উড়াল সেতুর জন্যও পর্যায়ক্রমে দরপত্র আহ্বান করা হবে। তিনি বলেন, এই উড়াল সেতুগুলো নগরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।