প্রধানমন্ত্রী চাইলে এক মিনিটেই সমাধান: ড. কামাল

বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে এক মিনিটেই সংকটের সমাধান হতে পারে। তিনি যদি বলেন, আমি আম্পায়ার হতে চাই না, সরে দাঁড়াচ্ছি। তাতেই সমাধান হয়ে যাবে। এ প্রসঙ্গে কামাল হোসেন আদালতের রায়ের কথা উল্লেখ করে বলেন, ‘আদালত আরও দুই টার্ম তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছিল। কোর্ট উনাকে বাধ্য করেনি, সংবিধানের এ সংশোধনী করার জন্য।’
আজ বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডে নিজ বাড়ির উঠানে এক সংবাদ সম্মেলনে কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতি অব্যাহত রাখতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কামাল হোসেন বলেন, ‘জনগণ উনাকে ক্ষমতা দিয়েছে, ১০ বছর প্রধানমন্ত্রী ছিলেন, ক্ষমতা ভোগ করেছেন। এখন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন তাঁর পদত্যাগের কথা বিবেচনা করা উচিত।’
গণফোরামের সভাপতি আরও বলেন, দলীয় সরকারের অধীন নির্বাচন জনগণকে খাওয়ানো যাবে না। তাঁরা ২০০৮ সালের মতো নিরপেক্ষ নির্বাচন চান। তিনি বলেন, যাঁরা ২০০৭ সালের সাজানো নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসেছেন, তাঁদের ২০০৮ সালের নির্বাচনের বিরুদ্ধে যাওয়া শোভা পায় না। তিনি আরও বলেন, ‘আমরা ২০০৭ সালের মতো কোনো সাজানো নির্বাচন চাই না। ২০০৮ সালের মতো নিরপেক্ষ নির্বাচন চাই। সে ধরনের সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন চাই।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কেন্দ্রীয় নেতা সুব্রত চৌধুরী, মফিদুল ইসলাম খান কামাল, শফিক উল্লাহ, সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।