প্রধানমন্ত্রী চার দিনের সফরে আবুধাবি যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে চার দিনের রাষ্ট্রীয় সফরের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে আবুধাবির পথে ঢাকা ছাড়ছেন। এ সফরকালে প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার থেকে অনুষ্ঠেয় ভবিষ্যৎ জ্বালানি শীর্ষক সম্মেলনে (ডব্লিউএফইএস) যোগ দেবেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আবুধাবি সফরের সময় দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হবে।জানা যায়, বঙ্গবন্ধুর তনয়া শেখ রেহানা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী এ সফরে ৯৩ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাদের মধ্যে আছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ৩০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।জানতে চাইলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন গতকাল শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকালে দ্বৈত কর প্রত্যাহার ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও সুরক্ষার বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও রাজকীয় পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।কূটনৈতিক সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের অসুস্থতার কারণে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত বৈঠকটি শেষ পর্যন্ত হচ্ছে না। সম্প্রতি ব্যায়াম করার সময় হাত ভেঙে যাওয়ায় আল নাহিয়ান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল নয়টায় বিমানের একটি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন। সন্ধ্যায় তিনি সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। আগামীকাল সকালে তিনি আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে চতুর্থ ডব্লিউএফইএসে মূল আলোচক হিসেবে বক্তব্য দেবেন। ওই দিন সন্ধ্যায় তিনি সে দেশের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার তিনি দুই দেশের ব্যবসায়ীদের একটি সমাবেশে অংশ নেবেন। এ ছাড়া এ দিন বিকেলে তিনি তাঁর সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেবেন।সংযুক্ত আরব আমিরাত সফর শেষে প্রধানমন্ত্রীর ১৯ জানুয়ারি বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে।