প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সফরে আজ শুক্রবার সকালে চীন যাচ্ছেন। সফরের শুরুতে তিনি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং যাবেন। এরপর ৮ জুন দুপুরে যাবেন বেইজিংয়ে। ৯ জুন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হবে। শীর্ষ বৈঠক শেষে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
এদিকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে ইতিবাচক অগ্রগতি হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী চীন সফরে ৬৯ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলসহ ১৩৯ সদস্যের সফরসঙ্গীর নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চীন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ছাড়াও আটটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা।
খসড়া সফরসূচি অনুযায়ী ৬ ও ৭ জুন তিনি ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সফর করবেন। সেখানে তিনি ‘চায়না-সাউথ এশিয়ান এক্সপো’ নামের আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া সেখানে ব্যবসায়ীদের একটি সমাবেশে তিনি বক্তৃতা করবেন। বেইজিং সফরের সময় চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট লি জিনপিং এবং পার্লামেন্টের প্রেসিডেন্ট ইউ জেনশেংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কর্মসূচির পাশাপাশি চীনের রাজধানীতে তিনি ব্যবসায়ীদের সমাবেশ ও একটি গবেষণা প্রতিষ্ঠানে বক্তৃতা করবেন।
চীনা রাষ্ট্রদূতের ব্রিফিং: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর উপলক্ষে গতকাল চীনা দূতাবাসে প্রথম আলোসহ কয়েকটি দৈনিকের প্রতিবেদকের সঙ্গে কথা বলেন লি জুন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে লি জুন বলেন, ভারত, নেদারল্যান্ডসহ যেকোনো দেশকে যুক্ত করে কনসোর্টিয়ামের মাধ্যমে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে চীনের কোনো আপত্তি নেই। ইতিমধ্যে নেদারল্যান্ডসের আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে চায়না হারবার। এ প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিষ্ঠান যুক্ত হতে চাইলেও আপত্তি নেই।
প্রসঙ্গত, চীনের রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিসি) সহযোগী প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে (সিএইচইসি) গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও নেদারল্যান্ডসের রটেরডাম পোর্ট এই বন্দর নির্মাণের ব্যাপারে প্রস্তাব দিলেও ভারত আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত না হওয়ার কথা জানিয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন সফরে গভীর সমুদ্রবন্দর নির্মাণে কোনো চুক্তি হবে কি না, জানতে চাইলে লি জুন বলেন, ‘এখনো এ নিয়ে আলোচনা হচ্ছে। এ সফরের সময় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে যথেষ্ট ইতিবাচক সিদ্ধান্ত হবে বলে আশা করছি৷’