প্রধানমন্ত্রী ছয় দিনের সফরে যুক্তরাজ্যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সফরে যুক্তরাজ্যে গেছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনে হিথরো বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে গতকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন রওনা হন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ এ এস এম ফিরোজ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বিমানের ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফরকালে প্রধানমন্ত্রী পশ্চিম লন্ডনের হিলটন পার্ক লেইন হোটেলে অবস্থান করবেন। নিরাপত্তা ও ব্যক্তিগত কর্মকর্তাসহ প্রায় ৫০ জনের একটি বহর রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।
গত ৭ মে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ান সিদ্দিক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি লেবার দলের এমপি। ঐতিহ্যগতভাবে নতুন এমপিরা পার্লামেন্টে একটি আনুষ্ঠানিক বক্তৃতা দেন। এটিকে বলা হয় ‘মেইডেন স্পিচ’। আগামী মঙ্গলবার হাউস অব কমন্সে টিউলিপ সিদ্দিক তাঁর ওই আনুষ্ঠানিক বক্তৃতা দেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের অন্য সদস্যরা ওই বক্তৃতা দেখতে পার্লামেন্টে যেতে পারেন।
বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির প্রথম আলোকে জানান, এটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর। তবে রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে একটি সংবর্ধনা দেওয়া হবে।
যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ: প্রধানমন্ত্রীর অবস্থানস্থল হিলটন পার্ক লেইন হোটেলের সামনে গতকাল বিক্ষোভ করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া সফরকালে প্রধানমন্ত্রী যেসব স্থানে যাবেন সেখানেও তাঁরা বিক্ষোভ প্রদর্শন করবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।