অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্পষ্ট বক্তব্য দিয়ে জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ, প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের বিন্যাস বা গঠন কী হবে—এতে নির্বাচিত, না অনির্বাচিত ব্যক্তিরা থাকবেন, তা তিনি স্পষ্ট করেননি।গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। এ সময় হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে গত মঙ্গলবার আদালতের অভিযোগ গঠনের তীব্র প্রতিবাদ জানান তিনি।মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নীতিগতভাবে নির্দলীয় সরকার চাইলে তা নিয়ে বিএনপি আলোচনায় বসতে পারে। তিনি বলেন, ‘আমাদের দাবি, নির্বাচনকালে একটি নির্দলীয় সরকার থাকবে এবং তাঁদের অধীনেই নির্বাচন হতে হবে—যা ইতিমধ্যে দলের চেয়ারপারসন বলে দিয়েছেন। এর বাইরে কোনো উপায়ে নির্বাচনে যাবে না বিএনপিসহ ১৮ দলীয় জোট।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী একদিকে অন্তর্বর্তী সরকারের বিষয়ে বিরোধী দলকে আহ্বান জানাচ্ছেন, আরেক দিকে বলছেন সংসদে এসে বিরোধী দলকে এ বিষয়ে প্রস্তাব দিতে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘দরজা-জানালা আপনারাই বন্ধ করেছেন, এখন আমাদেরই খুলে দিতে বলছেন। গণতন্ত্র রক্ষার স্বার্থে বন্ধ দরজা আপনাদেরই খুলে দিতে হবে।’ গাড়ি পোড়ানোর মামলায় আদালতের অভিযোগ গঠনের উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিরোধী দলের নেতাদের রাজনৈতিক কার্যক্রম এবং আগামী নির্বাচন থেকে বিরত রাখতেই একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে সরকার—যার সর্বশেষ প্রমাণ হরতালে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় অভিযোগ গঠন।শীর্ষস্থানীয় নেতারা কারাগারে গেলে আন্দোলন বন্ধ হবে না—এ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আমাদের আন্দোলন এখন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। তাই এর পরিণতি নিয়ে আমরা আশাবাদী। জনগণের বিজয় হবেই।’সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে তাঁরা অংশ নিচ্ছেন না। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা ২৩ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর সদস্যদের ইফতারে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁরা কেউ আসেননি। তাঁরা এলে আমরাও আজ (গতকাল) যেতাম।’