প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন আজ। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ মধ্যরাত ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
২৫ মে বেলা একটায় (জাপান সময়) প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। টোকিও যাওয়ার পথে প্রধানমন্ত্রী হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় ঘণ্টা যাত্রাবিরতি করবেন। খবর বাসসের।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা কূটনৈতিক সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনার এ সফরের ফলে ঢাকা-টোকিও দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।’ কূটনীতিকেরা বলেন, এই সফরের ফলে সহযোগিতার সব ক্ষেত্রে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো দেশে এটি হবে শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে জাপানে এটি হবে তাঁর তৃতীয় সরকারি সফর।
সফরকালে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ২৬ মে তাঁর কার্যালয়ে শীর্ষ বৈঠকে যোগ দেবেন। পরে দুই প্রধানমন্ত্রী এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। ওই দিন রাতে তিনি জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক নৈশভোজে যোগ দেবেন। ২৬ মে তিনি টোকিওর ইম্পেরিয়াল প্রাসাদে জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী জাপানের জাতীয় সম্প্রচার সংস্থা এনএইচকেকে একটি সাক্ষাৎকার দেবেন। তিনি ২৯ মে দেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।