প্রধানমন্ত্রী জার্মানি যাচ্ছেন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করবেন জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় নিরাপত্তাবিষয়ক শীর্ষ সম্মেলনে। তিন দিনের এই সম্মেলন আগামী শুক্রবার শুরু হচ্ছে। ওই শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জার্মানি যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল রোববার এই প্রতিবেদককে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখে ওই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ১৮ ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই শীর্ষ নেতার ওই আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি মিয়ানমারের রোহিঙ্গাদের প্রসঙ্গটি আসতে পারে।
শেখ হাসিনার সঙ্গে আঙ্গেলা ম্যার্কেলের বৈঠকটি এমন এক সময়ে হতে যাচ্ছে যখন বৈশ্বিক রাজনৈতিক পরিমণ্ডলে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। চরম ডানপন্থী শক্তির উত্থান ঘটছে পাশ্চাত্যে। উদারনৈতিক বিশ্বের কণ্ঠস্বর হিসেবে পরিচিত আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে শেখ হাসিনার আলোচনায় বিশ্বজুড়ে পরিবর্তনের হাওয়ার প্রসঙ্গটিও আসতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, দুই শীর্ষ নেতার বৈঠকের সময় বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে জার্মানিকে উৎসাহিত করা হবে। বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগে জার্মানির আগ্রহ আছে। জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গটি এলে বাংলাদেশে এর নেতিবাচক প্রভাবের প্রসঙ্গটি উল্লেখ করে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে পরিস্থিতি মোকাবিলায় তহবিলের কথা বলা হবে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ১৮ ফেব্রুয়ারি ‘ক্লাইমেট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা। এতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও নরওয়ের প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা।