প্রধানমন্ত্রী জুনে মেট্রোরেল নির্মাণকাজ উদ্বোধন করবেন: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

২০১৯ সালে মেট্রোরেল রুট-৬-এর বাণিজ্যিক পরিচালনা শুরু সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে মেট্রোরেল নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী গতকাল উত্তরায় মেট্রোরেল ডিপোর উন্নয়নকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে প্রস্তুতিমূলক কাজ শেষে মেট্রোরেল রুট-৬-এর ডিপো উন্নয়নের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ডিপো এলাকার ভূমি উন্নয়ন এবং প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে ব্যয় হবে ৫৬৭ কোটি টাকা। খবর বাসসের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যমান অ্যালাইনমেন্ট বা রুটটি অনুমোদিত। এটি পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন, টিএসসি, জাতীয় জাদুঘরসহ গুরুত্বপূর্ণ স্থাপনার পাশ দিয়ে রুট নির্মাণে সর্বাধুনিক প্রযুক্তির শব্দনিরোধক যন্ত্র স্থাপন করা হবে।
মেট্রোরেল-৬ প্রকল্পটি জাপানের সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পে জাইকা দিচ্ছে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা।