প্রধানমন্ত্রী জেনেভা যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ড, কানাডা ও ফ্রান্সে ১৩ দিনের সরকারি সফরে আজ রোববার জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। খবর বাসসের।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা আজ সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে জেনেভার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ১৬তম কংগ্রেস ও ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী ১৬ মে বিশ্ব আবহাওয়া কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন এবং পরদিন ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মূল বক্তব্য দেবেন।ডব্লিএমওর বিদায়ী সভাপতি আলেকজান্ডার বেদরিস্কি ও মহাসচিব মিশেল জারাউড ১৬ মে কংগ্রেস উদ্বোধন করবেন। সদস্যরাষ্ট্র এবং বিভিন্ন ভূখণ্ডের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং মন্ত্রীরা কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেবেন।