প্রধানমন্ত্রী জেনেভায় পৌঁছেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ১৬তম কংগ্রেস ও ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে গতকাল রোববার স্থানীয় সময় দুপুর দুইটা ১০ মিনিটে জেনেভায় পৌঁছেছেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী জেনেভা বিমানবন্দরে পৌঁছালে সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ ও অন্যান্য সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল হান্নান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহ হোটেল কেম্পিনস্কিতে নিয়ে যাওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড, কানাডা ও ফ্রান্সে ১৩ দিনের সরকারি সফরে গতকাল রোববার ভোরে জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী আজ সোমবার বিশ্ব আবহাওয়া কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন এবং আগামীকাল মঙ্গলবার ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মূল বক্তব্য দেবেন। অভ্যর্থনা: প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড আগমনে গতকাল সর্ব-ইউরোপীয় আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী ও সুইজারল্যান্ড-প্রবাসী বাংলাদেশিরা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। জেনেভার হোটেল কেম্পিনস্কিতে প্রধানমন্ত্রীকে এ অভ্যর্থনা জানানো হয়।