প্রধানমন্ত্রী তাঁর কথা রেখেছেন দেখে যেতে চান মমেজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে মমেজান তাঁর দুই ছেলেকে যুদ্ধে পাঠিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য রোজা রাখেন। জাতীয় শোক দিবসে দোয়াখায়ের করেন। গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেন। শেখ হাসিনাকে তিনি ধর্মের মেয়ে মানেন। তাঁর হিসাব অনুযায়ী, তাঁর বয়স এখন ১১১ বছর।

গত বছরের ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে তিনি তাঁর নাতনিকে একটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। মমেজান এখন মৃত্যুশয্যায়। তিনি দেখে যেতে চান, প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন।

মমেজানের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। গত বছরের ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে পুলিশের ২৯তম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে এলে স্থানীয় সাংসদ শাহরিয়ার আলম মমেজানকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ করে দেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর কথা শুনে আবেগাপ্লুত হয়ে তাঁকে জড়িয়ে ধরেন। মমেজান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। এ সময় প্রধানমন্ত্রী মমেজানের কাছে জানতে চান, তাঁর কোনো চাওয়া আছে কি না। মমেজান বলেন, তাঁর বড় ছেলে মুক্তিযোদ্ধা সাজদার রহমানের মেয়ে শামীমা ইয়াসমিন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের লিখিত পরীক্ষায় পর পর চারবার উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই তিনবার। মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্ত্বেও তাঁর চাকরি হয়নি। মৌখিক পরীক্ষায় তাঁকে আটকে দেওয়া হয়। এখন তাঁর চাকরির বয়স শেষ হয়ে গেছে।

 সাজদার রহমান বলেন, ঘটনা শুনে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। বয়স না থাকার কারণে তিনি তাঁর মেয়েকে বিশ্ববিদ্যালয় বা সিটি করপোরেশনে একটি চাকরি দেওয়ার ঘোষণা দেন। তাঁর ব্যক্তিগত সহকারীর কাছে আবেদনপত্র দিতে বলেন। সঙ্গে সঙ্গে কাগজপত্র দেওয়া হয়। সেই দিন রাত ১১টায় বিটিভির সংবাদেও প্রচারিত হয় প্রধানমন্ত্রী শামীমার চাকরির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। পরের দিন বিভিন্ন খবরের কাগজেও তা ছাপা হয়। এক বছর হয়ে গেল মেয়ের চাকরির কোনো ব্যবস্থা হয়নি। একাধিকবার প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন পাঠিয়েছেন। ই-মেইলও করেছেন। কোনো সাড়া পাননি। অবশেষে গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সরাসরি গণভবনে যান। কিন্তু দেখা করার সুযোগ পাননি। বাধ্য হয়ে ৪ নম্বর গেটে আবেদনপত্র জমা দিয়ে আসেন।

সাজদার রহমান জানান, এলাকার লোকজন জানতে চান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত চাকরি হয়েছে কি না। ‘না’ বললে তাঁরা হাসাহাসি করেন। এ নিয়ে এলাকায় বিব্রতকর অবস্থায় আছেন। তাঁর মা এখন মৃত্যুশয্যায়। তিনি চান মৃত্যুর আগে যদি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখে যেতে পারতেন, তা হলে মরেও শান্তি পেতেন।