প্রধানমন্ত্রী তিন দিনের সফরে নেদারল্যান্ডস গেছেন
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের সফরে গতকাল মঙ্গলবার সকালে আমস্টারডামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সকাল ৮টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, কূটনৈতিক কোরের ডিন এবং নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় রাত নয়টায় আমস্টারডামের শিফোল বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। এর আগে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাঁচ ঘণ্টা যাত্রাবিরতি করেন।
আমস্টারডামের শিফোল এয়ারপোর্ট সেন্টারে অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা করে নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী হেগ নগরীতে গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউসে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ৪ নভেম্বর ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকের পর কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে।
এর আগে শেখ হাসিনা ডাচ মন্ত্রীদের সঙ্গে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ শীর্ষক আলোচনায় যোগ দেবেন। তিনি রাজপ্রাসাদে নেদারল্যান্ডসের রানির সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সম্মানে প্রধানমন্ত্রী রুটের দেওয়া নৈশভোজ সভায়ও যোগ দেবেন।
আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী একটি ব্যবসায়িক সেমিনারে এবং প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।