বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ অনুষ্ঠানে বিএনপি নেতারা ওই ঘটনার জন্য আওয়ামী লীগ সরকার, তখনকার সেনাপ্রধান ও ভারতকে দায়ী করলেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত স্মরণসভায় দলটির কেন্দ্রীয় নেতারা এ অভিযোগ তোলেন। ডাল-ভাত কর্মসূচি নিয়ে সৃষ্ট অসন্তোষকে কারণ হিসেবে উল্লেখ করে বিডিআর মহাপরিচালকের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে তাঁরা বলেন, প্রকৃত ঘটনাকে আড়াল করতে এ কথা প্রচার করা হচ্ছে।স্মরণসভায় বিএনপির নেতা, দলটির সমর্থক বুদ্ধিজীবী ও সাবেক সেনা কর্মকর্তারা বিদ্রোহের সঙ্গে বর্তমান সরকার, আওয়ামী লীগ নেতা, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ এবং ভারতের জড়িত থাকার বিভিন্ন কথিত প্রমাণ তুলে ধরেন।সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঘটনার সঙ্গে সরকারের জড়িত থাকার প্রমাণ দিতে গিয়ে বলেন, ওই দিন প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের যমুনায় এনে বসিয়ে রেখেছিলেন। কোনো ব্যবস্থা নিতে দেননি। বিদ্রোহীরা অস্ত্র সমর্পণের আগেই সরকার তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে।স্থায়ী কমিটির আরেক সদস্য সাবেক সেনা কর্মকর্তা আ স ম হান্নান শাহও প্রমাণ হিসেবে যমুনায় বিদ্রোহের নায়কদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা উল্লেখ করেন।সেনাপ্রধান হিসেবে মইন উ আহমেদের ওপর বিদ্রোহ দমনের দায়িত্ব ছিল মন্তব্য করে হান্নান শাহ অভিযোগ করেন, মইন নিশ্চুপ ভূমিকা পালন করেন।সাবেক বিডিআর মহাপরিচালক মে. জেনারেল (অব.) ফজলুর রহমান ঘটনার সঙ্গে ভারতের জড়িত থাকার ‘প্রমাণ’ তুলে ধরেন। কয়েকজন সেনা কর্মকর্তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল দাবি করে ফজলুর রহমান বলেন, হিন্দুরা লাশ পুড়িয়ে দেয়। তাই এতে প্রমাণিত হয়, ওই দিন ভারতের কেউ এসে এই ঘটনা ঘটিয়েছে।বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ তাঁকে সমর্থন করেন। দুই দিনের বিদ্রোহকালে চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে বিডিআর সদস্যরা দৃশ্যত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং অপরাধ আড়াল করার চেষ্টায় নিহতদের অনেকের লাশ মাটিতে পুঁতে ফেলে ও নর্দমায় ভাসিয়ে দেয়।বিএনপির নেতারা বিদ্রোহে আওয়ামী লীগের নেতাদের জড়িত থাকারও দাবি করেন। হান্নান শাহ বলেন, ওই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে তাঁদের জড়িত থাকার কথা। তা ছাড়া শেখ সেলিম, মির্জা আব্বাস, ফজলে নূর তাপসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি।সরকার প্রতিরক্ষাব্যবস্থাকে দুর্বল করতে এই ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন সভার সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।