প্রধানমন্ত্রী তিনটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার তিনটি নতুন বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোট ৪৭৬ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্র তিনটি উদ্বোধন করবেন তিনি। তিনটিই গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
গতকাল বুধবার বিদ্যুৎ বিভাগ থেকে এ খবর জানানো হয়েছে।
তিনটির মধ্যে ২০০ মেগাওয়াট ক্ষমতার ইউনাইটেড আশুগঞ্জ মডিউলার কেন্দ্রটি দেশে প্রথমবারের মতো সরকারি-বেসরকারি যৌথ মালিকানায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্র। অন্য দুটির মধ্যে ২২৫ মেগাওয়াট ক্ষমতার আশুগঞ্জ কম্বাইন্ড সাইকেল কেন্দ্রটি সরকারি খাতের এবং ৫১ মেগাওয়াট ক্ষমতার আশুগঞ্জ মিডল্যান্ড কেন্দ্রটি ভিয়েলাটেক্স লিমিটেড ও শাহজীবাজার পাওয়ার কোম্পানির যৌথ মালিকানাধীন।
এই কেন্দ্রগুলো চালু হওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত ক্ষমতা প্রায় ১২ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। এ ছাড়া আশুগঞ্জ, সিলেটের বিবিয়ানা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সিরাজগঞ্জ, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় আট হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং সবার জন্য বিদ্যুৎ-সুবিধা নিশ্চিত করা।